শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ব্যবসায়ীদের দুই গ্রুপে সংঘর্ষ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ব্যবসায়ীদের দুই গ্রুপে সংঘর্ষ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার জেরে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারের প্রায় ৩৫০টি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে লালুয়ার বানাতী বাজারে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই বাজারের রমনী (৪০) নামের এক ব্যক্তির সেলুনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাক্প্রতিবন্ধী ওই নারী। এ সময় রমনী ওই নারীর হাত ধরে সেলুনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কয়েকজন ব্যবসায়ী দেখে ফেলেন। পরে রাত ১০টার দিকে এ ঘটনার মীমাংসার জন্য স্থানীয় ব্যবসায়ীরা বসেন।
সেখানে অভিযুক্ত ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে গ্রাম পুলিশের জিম্মায় দেওয়ার উদ্যোগ নেওয়া হলে এ নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ী জুয়েল তাকে জিম্মায় নিতে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়কে কেন্দ্র করে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের সঙ্গে জুয়েলের বাগ্বিতণ্ডা হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। এতে রুবেল হাওলাদারসহ দুই থেকে তিনজন আহত হন।
এ ঘটনার বিচার দাবিতে শুক্রবার সকালে ব্যবসায়ীরা বাজারের প্রায় ৩৫০টি দোকান বন্ধ রেখে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত আটজন আহত হন।
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিরন বলেন, ‘পুরো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৭:৩৫:০০ ● ৫৩ বার পঠিত
