
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা থাকা একটি জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির দখলকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিত বাড়ির পাশের ও ২ নম্বর স্কুলসংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিজানুর রহমানের অভিযোগ, এওয়াজপুর মৌজার জে.এল. নম্বর ৮০, খতিয়ান নম্বর ৫৯১ ও দাগ নম্বর ১৯০৭-এর মোট ৯৪ শতাংশ জমি নিয়ে চরফ্যাশন সিনিয়র সিভিল জজ আদালতে দে. নম্বর ২৪৬/১২ মামলা চলমান রয়েছে। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মঞ্জু, আলমগীর, বিলকিস বেগম, হোসেন রাকিব, মানসুর, হাফেজ ও জাহাঙ্গীরসহ কয়েকজন জোরপূর্বক ধানের চারা রোপণ করেন বলে অভিযোগ করেন তিনি।
মিজানুর রহমান আরও বলেন, জমিটি নিয়ে মামলা আদালতে বিচারাধীন এবং নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় সেখানে চারা রোপণের ঘটনায় তিনি ক্ষুব্ধ। বিষয়টি তদন্ত করে আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মঞ্জু গং এলাকায় প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জমি দখল, জমি নিয়ে বিরোধ সৃষ্টি এবং সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে মঞ্জু বলেন, ‘আমরা ওই জমিতে কোনো ধানের চারা রোপণ করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। জমিতে ধানের চারা রোপণের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহাম্মদ বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে জমিতে চারা রোপণ করতে কাউকে পাওয়া যায়নি।’