বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
গৌরনদীতে সরকারি খাল দখলমুক্ত করতে কঠোর নির্দেশ ইউএনওর
হোম » বরিশাল » গৌরনদীতে সরকারি খাল দখলমুক্ত করতে কঠোর নির্দেশ ইউএনওর
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদামতলা শাওরা থেকে গাঙ্গুলিবাড়ির দক্ষিণ পাশ হয়ে আশোকাঠি মহাসড়ক পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সরকারি খালের জায়গা দখল করে নির্মাণ করা সব ধরনের স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন ইউএনও ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। তিনি বলেন, সরকারি খালের জায়গা দখল করে কোনো স্থাপনা রাখা যাবে না। দখলদারদের নিজ উদ্যোগে দ্রুত এসব স্থাপনা অপসারণ করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার ওই অংশে সরকারি খালের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। পরিদর্শনের সময় প্রাথমিকভাবে যেসব স্থাপনা সরকারি খালের জায়গায় নির্মাণ করা হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সাবেক ছাত্রদল নেতা মোঃ জসিম শরিফ, গৌরনদী পৌরসভার পৌর প্রকৌশলী আব্দুস সালেক, উপসহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম এবং পৌর কার্যালয়ের সহকারী কাজী শফিকুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।
সরকারি খালের জায়গা দখলমুক্ত করার এ উদ্যোগে দীর্ঘদিন ধরে দখলে থাকা খালের জায়গা উদ্ধারের পাশাপাশি পানি প্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ১৪:৪৮:৩৮ ● ২৯ বার পঠিত
