কলাপাড়ায় নিখোঁজ নাহিদকে ৪৮ ঘণ্টা পর লঞ্চে খুঁজে পেল পরিবার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নিখোঁজ নাহিদকে ৪৮ ঘণ্টা পর লঞ্চে খুঁজে পেল পরিবার
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় নিখোঁজ নাহিদকে ৪৮ ঘণ্টা পর লঞ্চে খুঁজে পেল পরিবার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ১৩ বছরের কিশোর মো. নাহিদ মল্লিককে ৪৮ ঘণ্টা পর খুঁজে পেয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে কলাপাড়া লঞ্চঘাটে ঢাকা থেকে আসা একটি লঞ্চে তাকে খুঁজে পান তার বড় চাচা হাচন মল্লিক।

 

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পরিবারের সঙ্গে মনোমালিন্যের পর রাগ করে নাহিদ বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। নাহিদের নিখোঁজের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি এলাকায় মাইকিংও করা হয়।

 

নাহিদ পরিবারের সদস্যদের জানায়, সে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসার একটি বিষয় নিয়ে বাবা তাকে বকাঝকা করলে অভিমান করে সে কলাপাড়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে উঠে পড়ে। লঞ্চে তার সঙ্গে বালিয়াতলী থেকে ওঠা সমবয়সী আরেক কিশোরের পরিচয় হয়। ওই কিশোরও বাড়ি থেকে পালিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

 

নাহিদের ভাষ্য অনুযায়ী, তারা দুজন লঞ্চে একসঙ্গে সময় কাটায়। ওই কিশোরের কেনা রুটি-কলা খেয়ে তারা রাত কাটায়। লঞ্চ ঢাকার সদরঘাটে পৌঁছানোর পর দুজন কিছু সময় সেখানে ঘোরাঘুরি করে একই লঞ্চে আবার কলাপাড়ার উদ্দেশে রওনা দেয়।

 

এভাবে ঢাকা-কলাপাড়া যাতায়াতের মধ্যেই কেটে যায় প্রায় ৪৮ ঘণ্টা। এ সময় নাহিদের পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। ছেলেকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরেছে।

 

নাহিদের বড় চাচা হাচন মল্লিক নাহিদকে ফিরে পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে নাহিদের সন্ধানে সহযোগিতা ও নিখোঁজ সংবাদ প্রচারে ভূমিকা রাখায় গণমাধ্যমকর্মী, প্রতিবেশী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

 

নাহিদ মল্লিক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের শ্রমজীবী মো. কাশেম মল্লিকের ছেলে।

বাংলাদেশ সময়: ১৪:২৪:২২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ