
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন গাজী রাসেদ সামস, সিনিয়র সহসভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, সহসভাপতি মো. আবু বকর সিদ্দিক চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহীন হাদী, সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম শাহীন এবং দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম হোসেন জুয়েল মৃধা।
দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ গাজী রাসেদ সামসকে আহ্বায়ক ও গাজী আতাউর রহমানকে সদস্য সচিব করে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ সময় পর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হলো। এতে আগের কমিটির নেতাদেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান বলেন, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম কিছুটা মন্থর হয়ে পড়েছিল। নতুন কমিটি অনুমোদনের ফলে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।
তিনি বলেন, ‘দীর্ঘদিন উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন মাঠপর্যায়ে থেকে যুবদলকে আরও সুসংগঠিত করতে পারব। অভিজ্ঞতার পাশাপাশি আস্থা ও বিশ্বাসের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আশা করি, যুবদল সেই আস্থার প্রতিদান দিতে সক্ষম হবে।’