গভীর সাগরে ট্রলারডুবি: ৪৮ ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার

হোম » জেলে-মৎস্য » গভীর সাগরে ট্রলারডুবি: ৪৮ ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

গভীর সাগরে ট্রলারডুবি: ৪৮ ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

 

বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’-এর নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইফুল মীরের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) গভীর সাগরে উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও চার জেলে।

 

নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে দুটি মাছ ধরার ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। প্রায় ১২ ঘণ্টা অভিযান চালানোর পর একটি লাশ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া ‘এফবি বরকত’ ট্রলারটি তীরে নিয়ে আসা সম্ভব হয়নি।

 

ট্রলার মালিক আশরাফের ভাই ও পাথরঘাটা পৌর পানি সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। গভীর সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইফুল মীরের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

এর আগে সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩২ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ