বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
হোম » ইসলামী জীবন » নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফ থেকে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে র্যালিটি বের হয়।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছীনা দারুসসুন্নাত জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, চরিত্র ও আদর্শের ওপর ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, মিলাদ, দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ছারছীনা দরবার শরীফ থেকে জমিয়তে হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃত্বে আনন্দ র্যালি বের হয়। এতে প্রায় পাঁচ হাজার ছাত্র-শিক্ষক ও সংগঠনের নেতাকর্মী অংশ নেন। দুই সারিতে সাজানো র্যালিটি ছারছীনা দরবার শরীফ থেকে শুরু হয়ে স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠী বন্দর প্রদক্ষিণ করে পুনরায় ছারছীনা দরবার শরীফের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা রূহুল আমীন আফসারী, উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাঃ রুহুল আমিন ছালেহী, প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাঃ সিরাজুম মুনির তাওহীদ, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়ার দ্বীনিয়ার মুদীর আলহাজ্ব মাওলানা মুহাঃ মাহমুদুল মুনীর হামিম, মাদরাসার শিক্ষকবৃন্দ, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাঃ আব্দুল্লাহ আল আনাস, কেন্দ্রীয় সেক্রেটারি মুহাঃ মোহেব্বুল্লাহ ছালেহীসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
ছারছীনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ রুহুল আমীন বলেন, ‘আজ ১২ রবিউল আউয়াল আল্লাহর নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের দিন। এ উপলক্ষে ছারছীনা দরবার শরীফে প্রতিবছর আনন্দ শোভাযাত্রা, হামদ-নাত, কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের কর্মসূচিও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। জোহরের পর দোয়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হবে।’
তিনি আরও জানান, এবারের আনন্দ র্যালিতে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহর কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সেক্রেটারি মুহাঃ মোহেব্বুল্লাহ ছালেহী বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছীনা শরীফে ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের দিন উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন আয়োজন রয়েছে।’
বাংলাদেশ সময়: ১৫:০১:২০ ● ১৫ বার পঠিত
