গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে উদ্ধার

হোম » খুলনা » গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে উদ্ধার
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণহীনভাবে বোটটি সাগরে ভাসতে থাকে।

পরদিন সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোট মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোট মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান শুরু করে। প্রতিকূল সমুদ্র পরিস্থিতি মোকাবিলা করে দলটি বিকল বোটসহ ১২ জেলেকে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। বর্তমানে বোটসহ জেলেদের বৈধ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং গভীর সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৯:০৫ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ