মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬

কালকিনি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

হোম » গণমাধ্যম » কালকিনি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


 

কালকিনি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে সাংবাদিকতার প্রত্যয় নিয়ে নতুন সংগঠন -কালকিনি সাংবাদিক ইউনিয়ন-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কালকিনি হাসপাতাল রোডের কালকিনি মিডিয়া সেন্টারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি রকিবুজ্জামানকে আহ্বায়ক এবং দৈনিক জনবাণী ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মাসুদ আহমেদ কাইউমকে সদস্য সচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মহিউদ্দিন বাবু, দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ এবং সাপ্তাহিক এশিয়া বার্তার প্রতিনিধি উজ্জল চন্দ্র মন্ডল।

সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বার্থে সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক রকিবুজ্জামান বলেন, সত্য প্রকাশে সকলের পাশে- এই মূলমন্ত্রকে সামনে রেখে কালকিনি সাংবাদিক ইউনিয়ন কাজ করবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থের পক্ষ না নিয়ে সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ভূমিকা রাখবে।

তিনি বলেন, সাংবাদিকদের অর্থ নয়, প্রকৃত তথ্য দিন। সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে জনস্বার্থে সত্য প্রকাশে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে কালকিনি সাংবাদিক ইউনিয়ন এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরা, অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের সংবাদ প্রকাশ এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরা হবে সংগঠনের সদস্যদের অন্যতম প্রধান লক্ষ্য।

আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এ লক্ষ্যে দ্রুত সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পেশাদার সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে আগ্রহীদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

কালকিনি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল, পেশাদার ও জনকল্যাণমুখী সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।


আরজে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৯:০৫ ● ২৩ বার পঠিত