পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ পালিত
হোম »
পটুয়াখালী »
পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ পালিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ-শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এর উদ্বোধন করেন।
মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নীলকমল লেকে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মো. জামাল হোসেন। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিতে এই খাতের অবদান আরও বৃদ্ধি পাবে।
এমআর
বাংলাদেশ সময়: ১৫:৫১:৩২ ●
১৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)