সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
অক্সিজেন সংকটে সোনামুখী বিলে কোটি টাকার মাছ ভেসে উঠেছে
হোম » জেলে-মৎস্য » অক্সিজেন সংকটে সোনামুখী বিলে কোটি টাকার মাছ ভেসে উঠেছে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর-সোনামুখী বিলে অক্সিজেন সংকটে একটি মৎস্যঘেরে বিপুল পরিমাণ পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। শুক্রবার রাতে প্রায় ৩০০ বিঘা আয়তনের ওই ঘেরে এ ঘটনা ঘটে। খামার কর্তৃপক্ষের দাবি, এতে ৮ থেকে ১০ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে।
খামারের উদ্যোক্তা আলফাজুল হক ও ঘের তত্ত্বাবধায়ক সাকের আহম্মেদ জানান, শুক্রবার দিনভর প্রচণ্ড গরম ছিল। রাতে বাতাসের প্রবাহও কম ছিল। এর মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘেরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। রাত আনুমানিক ১টার দিকে মাছ মরে পানিতে ভেসে উঠতে শুরু করে। শনিবার সকালে বিপুল পরিমাণ পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ঘেরের পাড়ে ভেসে আসে।
ঘেরটির মালিক মফিজুর রহমানের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা লিজ নিয়ে গত বছর থেকে ‘এএফ মৎস্য খামার’ পরিচালনা করছেন উদ্যোক্তা আলফাজুল হক ও ফারুক হোসেন। খামার কর্তৃপক্ষের হিসাবে, ওই ঘেরে প্রায় ৬০ লাখ পিস পাবদা মাছ চাষ করা হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫ থেকে ৭ হাজার মণ।
খামার কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতি মণ পাবদা মাছের দাম প্রায় ১৫ হাজার টাকা। সে হিসাবে শুধু মাছের বাজারমূল্যই প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা। মাছগুলো ভারতে রপ্তানির প্রক্রিয়াও চলছিল বলে জানান তারা।
উদ্যোক্তারা বলেন, প্রচণ্ড তাপ, রাতে বাতাসের স্বল্পতা, বিদ্যুৎ বিভ্রাট ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এক রাতের মধ্যেই বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
খামার কর্তৃপক্ষ আরও জানায়, মাছের খাদ্য বাবদ বিভিন্ন ব্যবসায়ীর কাছে প্রায় সাড়ে তিন কোটি টাকা বাকি রয়েছে। মাছ মারা যাওয়ায় ওই ঋণ কীভাবে পরিশোধ করবেন এবং কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা।
দীর্ঘদিনের বিনিয়োগ ও পরিশ্রম এক রাতেই নষ্ট হয়ে যাওয়ায় খামারের মালিক, উদ্যোক্তা ও শ্রমিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ৬:৪০:৫৯ ● ২৫ বার পঠিত
