চলাচলের পথ বন্ধ ঘিরে নেছারাবাদে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

হোম » পিরোজপুর » চলাচলের পথ বন্ধ ঘিরে নেছারাবাদে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬


 

চলাচলের পথ বন্ধ ঘিরে নেছারাবাদে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষ নেছারাবাদ থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে। এক পক্ষ রাস্তা বন্ধ ও হুমকির অভিযোগ করলেও অপর পক্ষের দাবি, জায়গার মালিকানা নিয়ে বিরোধের জেরে তাদের ওপর হামলা করা হয়েছে।

 

ঘটনাটি উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী এলাকার একটি বাড়িতে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে মো. মাসুদুর রহমান (৪৬) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উভয় পক্ষ একই বাড়ির বাসিন্দা। সম্প্রতি স্থানীয় একটি বিষয় নিয়ে সেখানে বিচার-সালিশ হয়। সালিশে মাসুদুর রহমান উপস্থিত থাকায় এরপর থেকে সরোয়ার হোসেন তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ করেন মাসুদ।

 

মাসুদের অভিযোগ, শনিবার (২২ আগস্ট) সকাল থেকে তাদের বাড়িসহ আশপাশের ১০-১২টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়রা বেড়া সরানোর চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি।

 

মো. মাসুদুর রহমান বলেন, ‘আমাদের বাড়ির মধ্যে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে চরম সমস্যায় পড়েছি। ছোটবেলা থেকেই আমি এই রাস্তা দিয়ে চলাচল করি এবং এই পথ ব্যবহার করেই স্কুলে যাতায়াত করেছি। বর্তমানে আমাদের বাড়ির ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কয়েকদিন আগে স্থানীয় একটি বিষয় নিয়ে অনুষ্ঠিত সালিশে আমি উপস্থিত ছিলাম। এরপর ক্ষোভের কারণে সরোয়ার হোসেন ও তার বোন আমাদের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।’

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘রাস্তাটি রেকর্ডভুক্ত না হলেও পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে লোকজন এই পথ ব্যবহার করে আসছেন। আমরাও এই রাস্তা দিয়ে চলাচল করতাম। রাস্তা বন্ধ করে দেওয়ায় বাড়ির লোকজনের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।’

 

ওই বাড়ির বাসিন্দা ও ভাড়াটিয়া মমতাজ বেগম বলেন, ‘আমার জন্মের পর থেকেই এখান দিয়ে চলাচলের রাস্তা ছিল। একটি বিচার-সালিশের বিষয় নিয়ে সরোয়ারের সঙ্গে বিরোধ সৃষ্টি হওয়ার পর তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে স্কুলগামী ছাত্রছাত্রীসহ বাড়ির বাসিন্দারা চলাচল করতে পারছেন না।’

 

তবে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সরোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমাদের পৈতৃক সম্পত্তি বণ্টন করে বোনদের তাদের অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার বোন নাসিমা বেগম তার মালিকানাধীন জায়গার মধ্যে থাকা একটি পুকুর পুনঃখনন করে মাছ চাষের উপযোগী করার কাজ করছিলেন। এরপর থেকে তারা আমার বোনের জায়গার ওপর দিয়ে চলাচল করতে পারছেন না। এ নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ভাইয়ের ছেলেকে মারধর করেছে। এ ঘটনায় আমার বোন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।’

 

সরোয়ার হোসেনের বোন নাসিমা বেগম বলেন, ‘পৈতৃক সম্পত্তি বণ্টন করে আমাকে যে অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে থাকা একটি পুকুর পুনঃখনন করে মাছ চাষের উপযোগী করার কাজ করছিলাম। এরপর থেকে তারা আমার জায়গার ওপর দিয়ে চলাচল করতে না পারায় ক্ষিপ্ত হয়ে আমার ভাই ও ভাইয়ের ছেলেকে মারধর করেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় অভিযোগ করেছি।’

 

উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের চলাচলের পথ নিয়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং স্থানীয়দের চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ২১:২৭:১৮ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ