
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে বাড়ির ছাদে ব্যাক বেবি জাতের কালো রঙের তরমুজ চাষ করে সফল হয়েছেন কৃষক মো. সেলিম গাজী। অসময়ে ছাদে মাচা তৈরি করে চাষ করা এসব তরমুজ দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও ছাদে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বাসিন্দা সেলিম গাজী শখের বশে ছাদে তরমুজ চাষ শুরু করেন। পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে ছাদের ওপর বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করে তাতে তরমুজের লতা তুলে দেন। মাচায় ঝুলে থাকা তরমুজের ভারসাম্য রক্ষায় প্রতিটি ফল লাল জালি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। সবুজ লতাপাতার মাঝে কালো রঙের তরমুজে পুরো মাচা যেন ছেয়ে গেছে।
সেলিম গাজী বলেন, বাড়ির ছাদে বস্তায় মাটি ও গরুর গোবর দিয়ে সার তৈরি করে প্রথমে পলিথিনে তরমুজের বীজ থেকে চারা তৈরি করেন। পরে ৫০টি বস্তায় তরমুজের চারা রোপণ করেন। প্রথম দিকে বৃষ্টিতে কিছু চারা নষ্ট হয়ে যায়। পরে ২৫টি গাছে ভালো ফলন হয়। এসব গাছে প্রায় ৪০টি তরমুজ ধরেছে।
তিনি বলেন, জ্যৈষ্ঠ মাসের শুরুতে চারা রোপণ করেন। অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে ইউটিউব থেকে তরমুজ চাষ, সার ও বালাইনাশক ব্যবহারের বিষয়ে পরামর্শ নিয়েছেন। তরমুজের পাশাপাশি শসা, করলা ও লাউও ছাদে চাষ করেছেন। সব মিলিয়ে প্রায় সাত হাজার টাকা বিনিয়োগ করেছেন। তরমুজের এই চাষ শেষ হলে ৫০টি জিওব্যাগে নতুন করে তরমুজ চাষ করার পরিকল্পনা রয়েছে।
সেলিম গাজী আরও বলেন, প্রথম দিকে কিছুটা খরচ বেশি হলেও পরে খরচ কমে যায়। আগাছা না থাকায় পরিচর্যাও সহজ। তাঁর সফলতা দেখে এলাকার কয়েকজন কৃষক তরমুজ চাষের বিষয়ে পরামর্শ চাইছেন। তিনি তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, চার আকৃতির মাচার ওপরে সবুজ পাতার নিচে ঝুলছে কালো রঙের তরমুজ। ফলের ভারে কোথাও কোথাও মাচা নুয়ে পড়েছে। পোকামাকড় দমনে ব্যবহার করা হয়েছে ফেরোমন ফাঁদ। ছাদে এমন ব্যতিক্রমী তরমুজ চাষ দেখতে আশপাশের লোকজন ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস গাজী বলেন, সেলিম গাজী একজন পরিশ্রমী ও আদর্শ কৃষক। তিনি এলাকায় বিষমুক্ত সবজি ও বিভিন্ন ধরনের ফসল চাষ করে নিজের পরিবারের চাহিদা মেটাচ্ছেন। ছোট পরিসরেও সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে কৃষিতে সফল হওয়া সম্ভব, তিনি তা প্রমাণ করেছেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, বর্ষা মৌসুমে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করা ভালো। তবে বস্তায় চাষ করলে কয়েক দিনের মধ্যে বস্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তরমুজ লাভজনক ফসল। এভাবে আরও কেউ তরমুজ চাষ করতে চাইলে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।