পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৩০ পদ শূন্য, ব্যাহত চিকিৎসাসেবা

হোম » পটুয়াখালী » পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৩০ পদ শূন্য, ব্যাহত চিকিৎসাসেবা
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬


পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৩০ পদ শূন্য, ব্যাহত চিকিৎসাসেবাসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অনুমোদিত ৪২৮টি পদের মধ্যে ১৩০টি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ ৯টি সিনিয়র কনসালটেন্ট ও ৮টি জুনিয়র কনসালটেন্ট পদ রয়েছে। জনবল সংকটে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অনুমোদিত ১১টি সিনিয়র কনসালটেন্ট পদের মধ্যে ৯টি এবং ১২টি জুনিয়র কনসালটেন্ট পদের মধ্যে ৮টি শূন্য রয়েছে। এ ছাড়া একজন আবাসিক ফিজিশিয়ান, একজন আবাসিক সার্জন, একজন আবাসিক মেডিকেল অফিসার, ৩ জন অ্যানেসথেশিয়া, প্যাথলজিস্ট, ৬ জন মেডিকেল অফিসার, ৩ জন সহকারী রেজিস্ট্রার, ৩ জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, একজন ডেন্টাল সার্জন ও ১৪ জন সহকারী সার্জনের পদও শূন্য।

এ ছাড়া একজন উপ-সেবা তত্ত্বাবধায়ক, একজন প্রশাসনিক কর্মকর্তা, ২ জন নার্সিং সুপারভাইজার, একজন পেশাগত থেরাপিস্ট, ২ জন সহকারী নার্স, একজন ক্যাশিয়ার, একজন সহকারী হিসাবরক্ষক, একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, একজন মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল), একজন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও), একজন মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি), একজন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), একজন কম্পিউটার অপারেটর, একজন ওয়ার্ড মাস্টার, একজন রেকর্ড কিপার, একজন লিলেন কিপার, একজন টিকিট ক্লার্ক (আউটসোর্সিং), ২ জন ড্রাইভার, একজন জুনিয়র মেকানিক কাম পাম্প অপারেটর, একজন ক্যাশ সরকার, ১৫ জন অফিস সহায়ক, একজন বাবুর্চি, ২৫ জন পরিচ্ছন্নতাকর্মী (আউটসোর্সিং), ২ জন আয়া (আউটসোর্সিং) এবং ৯ জন দারোয়ানের (আউটসোর্সিং) পদ শূন্য রয়েছে।

হাসপাতাল সূত্র আরও জানায়, অনুমোদিত ৪০টি পরিচ্ছন্নতাকর্মীর পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৮ জন। একইভাবে ১৮টি দারোয়ানের পদের বিপরীতে কর্মরত আছেন ৯ জন। তবে অনুমোদিত ১৭৬ জন সিনিয়র স্টাফ নার্স, স্টাফ নার্স ও মিডওয়াইফের মধ্যে ১৭৫ জন কর্মরত রয়েছেন।

জনবল সংকটের কারণে চিকিৎসা নিতে হাসপাতালে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ চিকিৎসক পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

পটুয়াখালী দেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা। জেলার আটটি উপজেলা ও ৭৭টি ইউনিয়নের মানুষের পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পর্যটনকেন্দ্রকে ঘিরে এখানে মানুষের সংখ্যা ও কার্যক্রম বাড়ছে। ফলে জেলার প্রধান সরকারি হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমীন লিজা বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪৫ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ