কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬


 

কুয়াকাটায় ২০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। একই বিশেষ অভিযানে দুটি সিআর গ্রেপ্তারি পরোয়ানা ও একটি সাজা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রনি আবাসিক হোটেলের সামনে পাকা সড়ক থেকে মাদককারবারিদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- হোটেলটির কর্মচারী মো. আমির হোসেন (৪৩) ও সৌরভ দাস (২৭)।

 

পুলিশ জানায়, এসআই মো. মাহামুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আমির হোসেনের কাছ থেকে ১০টি এবং সৌরভ দাসের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা হয়েছে।

 

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিশেষ অভিযানে এসআই মাসুদ রানা ও এএসআই মো. আবুল বাশার পৃথক অভিযানে দুটি সিআর গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেন।

 

এ ছাড়া এএসআই মো. বেল্লাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিআর-৫২৪/২৫ মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত আসামি রফিককে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি মহিপুর থানার নবীনপুর এলাকার মফিজুল পাটোয়ারীর ছেলে।

 

মহিপুর থানার ওসি শামীম আহমেদ উল্লেখিত আসামীদের গ্রেফতারের বিষয়টি স্বীকার করে সাগরকন্যাকে জানান, গ্রেপ্তার সবাইকে মহিপুর থানার হেফাজতে রাখা হয়েছে। তাদের রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ৭:০২:০৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ