সাংবাদিক এম মিরাজ আর নেই, বরিশালে শোকের ছায়া

হোম » গণমাধ্যম » সাংবাদিক এম মিরাজ আর নেই, বরিশালে শোকের ছায়া
শনিবার ● ২২ আগস্ট ২০২৬


সাংবাদিক এম মিরাজ হোসাইনসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ ও দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইনের (৪৮) মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

স্বজনরা জানান, সম্প্রতি ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর এম মিরাজ হোসাইনের নন-হজকিন লিম্ফোমা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

এম মিরাজ হোসাইন বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম এবং বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সিনিয়র সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমেও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

 

মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার জিয়া সড়কের মুজাহিদ মঞ্জিলে তার বাসা।

 

স্বজনরা জানান, শনিবার বিকেলে ঢাকায় দৈনিক বণিক বার্তার কার্যালয়ে নেওয়ার পর তার মরদেহ বরিশালে নিয়ে আসা হবে। রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সামনে মরদেহ রাখা হবে। সেখানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

 

তার মৃত্যুতে বরিশালের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২১:৪০:৪৬ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ