শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
নেছারাবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
হোম » পিরোজপুর » নেছারাবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবে পিরোজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের বরিশাল অঞ্চল সভাপতি রুহুল আমীন মৃধা। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. সুমন তালুকদার। এ সময় বরিশাল বিভাগ হেযবুত তওহীদের সভাপতি মো. শফিকুল আলম উখবাসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক, কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেওয়ার পাশাপাশি সংগঠনটির আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাতের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, শুধু নোয়াখালী নয়, সারাদেশে কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে তারা মনে করেন। তাদের অভিযোগ, মিথ্যা হ্যান্ডবিল তৈরি করে হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ এবং সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, জুমার খুতবা ও ওয়াজের মঞ্চে হেযবুত তওহীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মুসল্লিদের ক্ষিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
এ অবস্থায় সংগঠনের নেতা-কর্মীদের জানমাল, বাড়িঘর, কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পে যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন হেযবুত তওহীদের নেতারা।
তারা দাবি করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দীর্ঘদিন ধরে তারা উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছেন। বিভিন্ন সময়ে মামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে তারা দাবি করেন, দীর্ঘ সময়ের কর্মকাণ্ডে তাদের কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি।
সংবাদ সম্মেলনে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা বন্ধ, হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়।
একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪:২৭:১৩ ● ১৯ বার পঠিত
