শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে আগুনে তেলের গোডাউনসহ ৯ স্থাপনা পুড়ে ছাই
হোম » ভোলা » দৌলতখানে আগুনে তেলের গোডাউনসহ ৯ স্থাপনা পুড়ে ছাই
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দৌলতখান (ভোলা)
ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী স্লুইজঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের গোডাউন, বসতঘর, মুদি দোকান ও খাবার হোটেলসহ নয়টি স্থাপনা পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইজঘাট এলাকার বেড়িবাঁধে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে দুটি তেলের গোডাউন, দুটি বসতঘর, দুটি মুদি দোকান, দুটি খাবার হোটেল ও একটি জালের গোডাউন পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার দিকে স্থানীয় তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহাবুদ্দিনসহ কয়েকজন স্লুইজঘাটের বেড়িবাঁধে অবৈধভাবে গোডাউন তৈরি করে তেল মজুত করে ব্যবসা করতেন। তাদের অভিযোগ, ওই গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়ে আশপাশের দুটি বসতঘর, দুটি মুদি দোকান ও দুটি খাবার হোটেল পুড়ে গেছে।
দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মেরাজুর ইসলাম জানান, খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরির কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:০৯:৩৪ ● ১৯ বার পঠিত
