শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
হোম » বরগুনা » বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে সড়কপথে বরগুনায় পৌঁছালে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবা আরও জনবান্ধব, দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘সরকারি কর্মকর্তাদের কাজের প্রতি আন্তরিকতা ও আগ্রহ থাকতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সাধারণ মানুষ সরকারি সেবার সুফল পাবেন। আমরা জনগণের সেবক, শাসক নই। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
তিনি বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সাপ্তাহিক গণশুনানি কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘জেলা প্রশাসক জনগণের কথা সরাসরি শুনছেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছেন। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। জেলার অসহায় ও সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জেলা প্রশাসকের কাছে সরাসরি আসার সুযোগ পাচ্ছেন এবং দ্রুত প্রতিকারও পাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘জনগণের কথা সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের এই উদ্যোগ যদি দেশের প্রতিটি জেলা প্রশাসক গ্রহণ করেন, তাহলে সাধারণ ও অসহায় মানুষ সরকারি সেবা পেতে অনেক বেশি উপকৃত হবেন। বরগুনা জেলা প্রশাসনের এ উদ্যোগ অন্যদের জন্যও অনুসরণীয় হতে পারে। জেলা প্রশাসকের এ ধরনের জনবান্ধব কার্যক্রমে আমি সন্তোষ প্রকাশ করছি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’
বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কোনো মানুষ যেন সরকারি সেবা নিতে এসে হয়রানি বা অযথা বিলম্বের শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
পরে বিভাগীয় কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। এ সময় তিনি মামলা নিষ্পত্তির অগ্রগতি ও আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপজেলা পর্যায়ে সরকারি কার্যক্রমের মানোন্নয়ন ও জনগণের সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১:০৮:৪৩ ● ১৫ বার পঠিত
