শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন; অভিযুক্ত গ্রেফতার

হোম » পটুয়াখালী » মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন; অভিযুক্ত গ্রেফতার
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন; অভিযুক্ত গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুর থানাধীন অনন্তপাড়ায় চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মহিপুর থানায় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মামলা করেছেন। এর ঘন্টাখানেকের মধ্যেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতার সেকান্দার চৌকিদার অনন্তপাড়া এলাকার মৃত মোতাহার আলীর ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকায় বসবাস করায় সেকান্দার চৌকিদার মাঝেমধ্যে শিশুটির বাড়িতে আসা-যাওয়া করতেন। গত ১৪ আগস্ট রাত ৮টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে সেকান্দার চৌকিদারের পৈতৃক বাড়ি সংলগ্ন খালপাড়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

 

শিশুটির বাবা মহিপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মহিপুর থানায় মামলা নেওয়া হয়। মামলা রুজুর পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সেকান্দার চৌকিদারকে গ্রেফতার করে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, ‘চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মামলা রুজুর পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’

 

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিশুটির সুরক্ষা ও চিকিৎসাসহ অন্যান্য বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৪৭:২২ ● ২৮ বার পঠিত