বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচজন আটক
হোম » বরগুনা » তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচজন আটক
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার কাঁঠালতলী গ্রামের আলম খাঁনের ছেলে জিহাদ খাঁন (৩৫), বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামের মোকলেছ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৫), একই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে জামাল মল্লিক (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের লিটন সিকদারের ছেলে লিমন সিকদার (২৮) ও একই গ্রামের সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার (২৫)।
স্থানীয়রা জানান, পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজীর বাড়ি লিমন সিকদার ভাড়া নেন। গত রবিবার ওই বাড়িতে কয়েকজন লোক আসেন। এরপর তিন দিন ধরে তাদের ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের চলাফেরা ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন লিমনের ভাড়া বাসায় যান।
স্থানীয়দের দাবি, এ সময় ঘরের ভেতর থাকা জিহাদ খাঁন পিস্তল উঁচিয়ে তাদের ধাওয়া করেন। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে পাঁচজনকে আটক করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লিমনের ভাড়া বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ‘গত তিন দিন ধরে লিমন সিকদারের বাড়িতে কয়েকজন লোক অবস্থান করছিলেন। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা কয়েকজন ওই বাড়িতে যাই। এ সময় জিহাদ খাঁন পিস্তল নিয়ে আমাদের তাড়া করেন। পরে আমরা তাদের ধাওয়া করে আটক করি।’
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শরীফুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, স্থানীয় জনতা পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:২৭:৩০ ● ২১ বার পঠিত
