বুধবার ● ১৯ আগস্ট ২০২৬

প্যারোলে মুক্ত পটুয়াখালীতে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার ফাঁসির আসামি শাকিল

হোম » পটুয়াখালী » প্যারোলে মুক্ত পটুয়াখালীতে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার ফাঁসির আসামি শাকিল
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

প্যারোলে মুক্ত পটুয়াখালীতে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার ফাঁসির আসামি শাকিল

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রফিকুল ইসলাম শাকিল। মঙ্গলবার (১৮ আগস্ট) আসর নামাজের পর পটুয়াখালী শহরের করভবনের পাশে বাইতুল মামুর জামে মসজিদের সামনে তার মা সাহিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজা শেষে শাকিলকে আবার যশোর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার মাগরিবের সময় সাহিদা বেগম মারা যান। মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য শাকিলের পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। পরে যশোর জেলা প্রশাসকের সহযোগিতা এবং রাজনৈতিক নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শাকিলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

 

মঙ্গলবার জানাজার সময় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ছিলেন শাকিল। মায়ের শেষ বিদায়ের মুহূর্তে তাকে কাছে পেয়ে স্বজনদের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

 

সাহিদা বেগম দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শাকিল তাদের মধ্যে ছোট ছেলে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

শাকিলের বড় ভাই মো. শাহিন পটুয়াখালী পৌর বিএনপির নেতা। জানাজার আগে তিনি বলেন, ‘আমার ভাই ষড়যন্ত্রের শিকার। আমরা বিএনপি পরিবার দেখে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি করা হয় আমার ভাই শাকিলকে এবং দীর্ঘ ১৫ বছর জেল হাজতে থাকতে হয়েছে। আর সব আসামি মুক্ত হয়ে দেশ-বিদেশে আছেন।’

 

জানাজায় জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা অংশ নেন।

 

প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বরে পুরান ঢাকায় দর্জি বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় ২০১৩ সালে ঢাকার নিম্ন আদালতের রায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০১৭ সালে হাইকোর্টের রায়ে শাকিলসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং বাকি চারজন খালাস পান।

বাংলাদেশ সময়: ১৩:১১:৫৫ ● ৩২ বার পঠিত