মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
দেড় পট চাল নিয়ে ঝগড়া, মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
হোম » পিরোজপুর » দেড় পট চাল নিয়ে ঝগড়া, মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ভাত রান্না নিয়ে বিরোধের জেরে বৃদ্ধা মা কানন বালা (৬৫)কে কাঠের ডাসা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সৃজন বালার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় সৃজন বালাকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
জানা যায়, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের নিজ বসতঘরে গত রবিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। একবেলা খাবারের জন্য দেড় পট চাল রান্না করা নিয়ে মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সৃজন বালা কাঠের ডাসা দিয়ে কানন বালার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বলেন, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে সৃজন তার মাকে মারধর করেন। দেড় পটের পরিবর্তে দুই পট চাল রান্না না করায় মা-ছেলের মধ্যে প্রথমে ঝগড়া হয়। পরে সৃজন তার মাকে কাঠের ডাসা দিয়ে মারধর করেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত কানন বালাকে সোমবার (১৭ আগস্ট) ভোর ৬টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল কোতোয়ালি থানার পুলিশ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বুলু বাদী হয়ে সৃজন বালার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা করেন।
কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে সৃজন বালাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নিহতের ভাই বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১৬:২৫ ● ৮৮ বার পঠিত
