সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
রাঙ্গাবালীতে বক্তব্যের শেষে বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
হোম » আলোচিত খবর » রাঙ্গাবালীতে বক্তব্যের শেষে বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির এক নেতার বক্তব্যের শেষ মুহূর্তে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ওই নেতা হলেন রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদার।
রবিবার রাত থেকে ১২ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা জাকির হোসেন নোয়াব দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এরপর উপস্থিত নেতাকর্মীদের কয়েকজনকে তার কথা শুনে অট্টহাসি দিতে দেখা যায়। পাশাপাশি কয়েকজন হাত দিয়ে ইশারা করে তাকে তাৎক্ষণিক থামানোর চেষ্টা করেন।
জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াবও বক্তব্য দেন। তাঁর বক্তব্যের শেষ মুহূর্তে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তবে বিএনপির কয়েকজন নেতার দাবি, জাকির হোসেন নোয়াব ‘জয় বাংলা’ বলার পর বক্তব্য শেষ করেন। ‘জয় বঙ্গবন্ধু’ বলার বিষয়টি স্পষ্ট নয়; ভিডিওতে শব্দটি অস্পষ্ট শোনা যাচ্ছে। অন্যদিকে, ‘তালাশ বিডি’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে, বিএনপি নেতা বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেছেন।
এ বিষয়ে ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন। তিনিই ভালো জানেন। আমি কিছু বলব না।’
এ ব্যাপারে সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১:৩৩:২৩ ● ২৩ বার পঠিত
