সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে মাছধরা ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার
হোম » জেলে-মৎস্য » পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে মাছধরা ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দরসংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ো আবহাওয়ার মধ্যে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা ১০ জেলের সবাইকে দুটি মাছধরা ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে সাগরের হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলার ও এর মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা যায়নি।
ট্রলারের মালিক শামীম রেজা জানান, সোমবার ভোররাতে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে ১০ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরতে সাগরের উদ্দেশে রওনা হয় ট্রলারটি। পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হাইরের চর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। একই সঙ্গে সাগর উত্তাল হয়ে উঠলে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
শামীম রেজা বলেন, দুর্ঘটনার পর কাছাকাছি থাকা একটি মাছধরা ট্রলারের জেলেরা সাতজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। বাকি তিনজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে একইদিন সোমবার দুপুরের দিকে অন্য একটি ট্রলারের জেলেরা ওই তিনজনকেও উদ্ধার করেন। বর্তমানে উদ্ধার হওয়া ১০ জেলেই সুস্থ রয়েছেন।
ট্রলার মালিক জানান, দুর্ঘটনায় ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম ডুবে যাওয়ায় তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সব জেলে নিরাপদে ফিরে আসায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৮:১৫:২০ ● ২৯ বার পঠিত
