সোমবার ● ১৭ আগস্ট ২০২৬

কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোর নামে অর্থ আদায়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

হোম » লিড নিউজ » কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোর নামে অর্থ আদায়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোর নামে অর্থ আদায়ের অভিযোগ যুবদল সভাপতি রিয়াজ সিকদারের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোর নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ সিকদারের বিরুদ্ধে। ইউনিয়নের ইসলামপুর ও দক্ষিণ চরপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামের শতাধিক পরিবার এখনো বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে ওই এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ শুরু করেছে। অভিযোগ রয়েছে, এ সুযোগে খুঁটি পরিবহন ও স্থাপনের কথা বলে গ্রাহকদের কাছ থেকে দুই হাজার টাকা করে আদায় করা হচ্ছে।

 

এ ছাড়া মিটার সংযোগ দেওয়ার কথা বলে আরও দুই হাজার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

ভুক্তভোগী তহমিনা বেগম, সাহানাজ বেগম, রিয়াজ হাওলাদার, জাহিদ ফরাজীসহ কয়েকজন জানান, কেউ নাকফুল বন্ধক রেখে, কেউ ধান চাষের জন্য নেওয়া অগ্রিম টাকা থেকে আবার কেউ সংসারের বাজার খরচ কমিয়ে এই টাকা দিয়েছেন।

 

নাসির উদ্দিন নামে এক ভুক্তভোগীর বাড়িতে খুঁটি স্থাপনের জন্য দুই হাজার টাকা দিতে না পারায় খুঁটি নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে রাতে এক হাজার টাকা রিয়াজ সিকদারকে দেওয়ার পরদিন তার বাড়ির সামনে খুঁটি স্থাপন করা হয় বলেও অভিযোগ রয়েছে।

 

অভিযোগের বিষয়ে রিয়াজ সিকদার টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, শ্রমিকদের খাওয়ানোর জন্য কিছু টাকা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অন্য সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

 

পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার মো. সুমন বলেন, গ্রাহকদের কাছ থেকে রিয়াজ সিকদারের মাধ্যমে যে টাকা আদায় করা হয়েছে, তা গ্রাহকদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

 

কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, এ ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ আব্দুর রহমান বলেন, সরকারি ব্যবস্থাপনায় বিদ্যুৎ লাইনের কাজ চলমান রয়েছে। এখানে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থ আদায়ের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩৮ ● ২৫ বার পঠিত