সোমবার ● ১৭ আগস্ট ২০২৬

গৌরনদীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

হোম » বরিশাল » গৌরনদীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পালরদী গ্রামে পুকুরে ডুবে মোসাঃ সেলিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সেলিনা বেগম উত্তর পালরদী গ্রামের বাসিন্দা মোঃ বাবুল সরদারের ছেলে মোঃ রাকিব সরদারের স্ত্রী।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে হাঁস খুঁজতে বাড়ি থেকে বের হন সেলিনা বেগম। কয়েক ঘণ্টা পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

 

একপর্যায়ে বিকেলে স্থানীয় এক কিশোর মোহাম্মদ তানভীর ফুটবল খেলা শেষে ওই পুকুরে গোসল করতে নামে। পানিতে নামার পর তার পায়ের সঙ্গে হঠাৎ সেলিনা বেগমের চুল আটকে যায়। এতে ভয় পেয়ে তানভীর চিৎকার করে বিষয়টি স্থানীয়দের জানায়।

 

তার চিৎকার শুনে সেলিনা বেগমের বড় ছেলে মোঃ তানজিল সরদারসহ স্থানীয় লোকজন দ্রুত পুকুরে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় সেলিনা বেগমের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

 

খবর পেয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিক হাসান রাসেল ঘটনাস্থলে এসআই আরিফকে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

এ ঘটনায় উত্তর পালরদী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:৩৩ ● ৩৩ বার পঠিত