শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
শতবর্ষে সুকান্ত: গান, কবিতা, আলোচনা ও বইপ্রকাশ
হোম » সর্বশেষ » শতবর্ষে সুকান্ত: গান, কবিতা, আলোচনা ও বইপ্রকাশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক
বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর ও স্বপ্ন ৭১ প্রকাশনের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে কবির লেখা গান, কবিতা আবৃত্তি, আলোচনা এবং আবু সাঈদ সম্পাদিত ‘শতবর্ষে সুকান্ত’ স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়।
বই প্রকাশের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী ও সাহিত্যানুরাগীরা অংশ নেন।
অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য ও জীবনকর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদ আবদুল হাই। তিনি বলেন, ‘এত ছোট বয়সে এত কিছু করেছেন, তা সত্যিই বিস্ময়কর। তরুণ প্রজন্মের কাছে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে চর্চা করা জরুরি।’
গবেষক প্রশান্তকুমার রায় বলেন, ‘অল্পসংখ্যক মানুষই মহৎ কিছু সৃষ্টি করতে পারেন।’
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, ‘সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন মানুষের কল্যাণে সংগ্রাম করে গেছেন। নতুন একটি পৃথিবী বিনির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি কিশোর বাহিনীকে নিয়ে কাজ করেছেন এবং ৩০০ সদস্যের সেই বাহিনীকে তিন হাজার সদস্যে রূপান্তরিত করেন।’
তিনি আরও বলেন, ‘শতবর্ষে সুকান্ত আজও খুব বেশি প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম নিয়ে আমাদের কর্তব্যবোধ থেকেই “শতবর্ষে সুকান্ত” বইটি প্রকাশ করেছি। বইটি একটি ইতিহাস হয়ে থাকবে। এতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশে রয়েছে স্মৃতিকথা এবং দ্বিতীয় অংশে রয়েছে শতবর্ষ উপলক্ষে সুকান্তকে নিয়ে আলোচনা।’
আবু সাঈদ আরও বলেন, ‘সুকান্ত ভট্টাচার্যের কবিতায় শোষিত-বঞ্চিত মানুষের কথা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং একটি মানবিক সমাজের স্বপ্ন উঠে এসেছে।’
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মুক্ত আসরের সাহিত্য সম্পাদক সাহিনা মিতা, নাজমুন নাহার, জেসমিন বন্যা, ইয়াতুল নেশা রুমা ও সুব্রত ভট্টাচার্য। গান পরিবেশন করেন শাহিন আক্তার পাপিয়া।
এ ছাড়া বক্তব্য দেন মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, কবি আবদুল হালিম, সাংবাদিক ইয়াছির মোহাম্মদ, মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমা ও মুক্তবন্ধু শফিক উদ্দিন শুভসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।
‘শতবর্ষে সুকান্ত’ অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা বইচারিতা।
বাংলাদেশ সময়: ২০:৩৪:১৫ ● ২২ বার পঠিত
