শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
ফকিরহাটে ৩০০ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, পুলিশের ওপর হামলার অভিযোগ
হোম » খুলনা » ফকিরহাটে ৩০০ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, পুলিশের ওপর হামলার অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামটা গ্রামের জাকির মোল্লার ছেলে ইমরান ওরফে নয়ন মোল্লা (৩০) ও তাঁর ভাই কামরান ওরফে নিলয় মোল্লা (২৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কামটা এলাকায় ইমরান ওরফে নয়ন মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ভাই সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁদের কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তল্লাশি চালিয়ে ইমরান ওরফে নয়নের শয়নকক্ষের বালিশের নিচে নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবা এবং একই কক্ষের টেবিলের ড্রয়ার থেকে ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে, কামরান ওরফে নিলয়ের পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার হওয়া ৩০০ পিস ইয়াবার মোট ওজন ৩০ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজার মূল্য ৯০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ভাই দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজশে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারাসহ সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে দণ্ডবিধির ৩৩২ ও ৩৫৩ ধারায় ফকিরহাট মডেল থানায় মামলা করা হয়েছে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ২৩:২০:১০ ● ১৪ বার পঠিত
