শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে ফের আল্টিমেটাম, ১৭ আগস্ট বিক্ষোভের ঘোষণা
হোম » পটুয়াখালী » দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে ফের আল্টিমেটাম, ১৭ আগস্ট বিক্ষোভের ঘোষণা![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ছাত্রজনতা ১৬ আগস্ট পর্যন্ত নতুন করে আল্টিমেটাম দিয়েছে। দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১৭ আগস্ট সকাল ১০টায় উপজেলা সদরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নিউ স্টার চাইনিজ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রজনতার পক্ষে স্বর্ণা আক্তার ও জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১১ আগস্ট ইউএনওর অপসারণের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে ছাত্রজনতা। ওই কর্মসূচি থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দুমকিতে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা নেই। সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ ও সমন্বয়ের ঘাটতি রয়েছে। বিভিন্ন দপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলেও সেগুলোর নিরপেক্ষ তদন্ত হচ্ছে না।
এ ছাড়া শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, ১৬ আগস্টের মধ্যে দাবিগুলো নিয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ১৭ আগস্ট সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ একত্রিত হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে। তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আইনসম্মত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে দাবি আদায়ে প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
এমআর
বাংলাদেশ সময়: ২৩:১০:৪৪ ● ১৩ বার পঠিত
