শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কুপিয়ে জখম, ঢাকায় প্রেরণ
হোম » বরিশাল » পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কুপিয়ে জখম, ঢাকায় প্রেরণ

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারী নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে উজ্জল মিস্ত্রি, সজল মিস্ত্রি, মুক্তিযোদ্ধা স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি পবিত্র বেপারীর ওপর হামলা চালান। এ সময় কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও দুই পায়ে এলোপাতাড়ি কোপানো হয়। এমনকি তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন স্বজনরা।
হামলার পর স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পবিত্র বেপারীকে রাস্তার ওপর রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:১২ ● ১৭ বার পঠিত
