বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
নেছারাবাদে প্রবাসীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ছাত্রলীগ নেতা আটক; আহত ৩
হোম » পিরোজপুর » নেছারাবাদে প্রবাসীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ছাত্রলীগ নেতা আটক; আহত ৩
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগে নাঈম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, কন্যা ও এক প্রতিবেশীসহ তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক নাঈম জগৎপট্টি এলাকার মো. রফিক মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।
স্থানীয়রা জানান, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশে থাকা একটি সুপারি গাছ বেয়ে নাঈম ঘরে প্রবেশ করেন। এ সময় ইলিয়াসের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখতে পান। নাঈম খাবার চাইলে নাজমা তাকে শুকনা খাবার দেন। পরে ভাত দেওয়ার ব্যবস্থা করতে গেলে পেছন থেকে ছুরি দিয়ে নাজমাকে আঘাত করা হয় বলে অভিযোগ।
নাজমার চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের ছেলে নুহিন মিয়া তাদের উদ্ধারে এগিয়ে এলে তাকেও আঘাত করা হয় বলে স্থানীয়রা জানান।
তিনজনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে নাঈম দৌড়ে গিয়ে স্থানীয় যুবলীগ নেতা মজিবরের ঘরে আশ্রয় নেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন নাজমা আক্তার বলেন, ‘ঘরের কাজ করার সময় দেখি নাঈম সুপারি গাছ বেয়ে ঘরে ঢুকেছে। খাবার চাওয়ার পর ভাতের ব্যবস্থা করতে গেলে সে পেছন থেকে ছুরি দিয়ে আমাকে আঘাত করে। পরে আমার মেয়ে ও প্রতিবেশী নুহিন এগিয়ে এলে তাদেরও আহত করা হয়।’
প্রবাসী ইলিয়াস হোসেনের বড় ভাই মো. মিরাজ মিয়া বলেন, ‘আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। এই সুযোগে নাঈম দিনদুপুরে বাড়িতে চুরি করতে এসেছিল বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় নাঈম ও তার বাবা রফিককে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
বাংলাদেশ সময়: ১৮:২১:৪৫ ● ৯৫ বার পঠিত
