বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

হোম » ঢাকা » তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

সাগরকন্যা প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অবস্থান ও অর্জনগুলো যথাযথভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে তুলে ধরার বিষয়টিও আলোচনায় আসে।
এ সময় প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরা এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।
ড. আইরিন খান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। তথ্যমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন তারা। এ ধরনের অপপ্রচার মোকাবিলায় কার্যকর যোগাযোগ কৌশল, দ্রুত ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার করণীয় নিয়েও আলোচনা হয়।
তথ্যমন্ত্রী এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:১১ ● ২৫ বার পঠিত