মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় বিজিবির হেফাজতে
হোম » খুলনা » মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় বিজিবির হেফাজতে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে মো. আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এসের কাছে নিজের জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাকে আটক করে নিয়ে যায়।
ঘটনাটি জানার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের স্বজনরা সীমান্তসংলগ্ন এলাকায় কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। আটক দুজন হলেন- নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস (৩৫)।
এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করছি, পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হবে। পাশাপাশি ভারতীয় নাগরিকদেরও ফেরত দেওয়া হবে।’
সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫:২০:০৫ ● ২৫ বার পঠিত
