সোমবার ● ১০ আগস্ট ২০২৬
কলাপাড়ায় ২০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ
হোম » শিক্ষা » কলাপাড়ায় ২০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কে এম মশিউর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিটি শিক্ষার্থীকে একটি স্কুল ব্যাগ, একটি জ্যামিতি বক্স, দুটি বড় আকারের খাতা ও দুটি কলম দেওয়া হয়। এর আগেও এসব শিক্ষার্থীকে খাতা, কলম, স্কেল ও জ্যামিতি বক্স উপহার দিয়েছে সংগঠনটি।
উপহার পেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাওন তালুকদার বলেন, ‘আমার আগের ব্যাগটি ছিঁড়ে গেছে। নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এছাড়া ব্র্যাক অফিসে আমাদের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্সের হিসাব রয়েছে। আমরা প্রতি মাসে সেখানে টাকা জমা রাখি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে টাকা জমা করছে, অন্যদিকে ইংরেজি স্পোকেন কোর্সে অংশ নিয়ে ইংরেজিতে দক্ষতা অর্জন করছে। শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ব্র্যাক ও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’
ব্র্যাকের প্রকল্প কর্মকর্তা কে এম মশিউর রহমান বলেন, ‘বর্তমানে কলাপাড়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স করানো হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা প্রতি মাসে টাকা জমা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, গাছের চারা ও কবুতরসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। অচিরেই এ প্রকল্পের মাধ্যমে উচ্চমাধ্যমিক পর্যায়ের ১০০ শিক্ষার্থীকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৬:২৪:১৯ ● ২৬ বার পঠিত
