সোমবার ● ১০ আগস্ট ২০২৬

কলাপাড়ায় নয় ছানাসহ সরাইল প্রজাতির মা বালিহাঁস উদ্ধার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নয় ছানাসহ সরাইল প্রজাতির মা বালিহাঁস উদ্ধার
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় নয় ছানাসহ সরাইল প্রজাতির মা বালিহাঁস উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় নয়টি ছানাসহ সরাইল প্রজাতির একটি মা বালিহাঁস উদ্ধার করা হয়েছে। এনিমেল লাভার্সের সদস্যরা বন বিভাগের সহযোগিতায় রবিবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকার মাইনুদ্দিন শরীফের বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করেন।

 

মাইনুদ্দিন শরীফ সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, স্থানীয় একটি ডোবায় মা বালিহাঁসটি ছানাদের নিয়ে বিচরণ করছিল। কয়েকজন শিশু ঢিল ছুড়ে ও জাল দিয়ে পাখিগুলো ধরার চেষ্টা করছিল। খবর পেয়ে তিনি তিন দিন আগে পাখিগুলো ধরে বাড়িতে নিয়ে আসেন। পরে হাঁসের বাচ্চাদের সঙ্গে রেখে সেগুলোর পরিচর্যা করছিলেন। তিনি বলেন, ‘এগুলো না ধরলে অন্য কেউ ধরে নিয়ে মেরে ফেলতে পারত।’

 

মাইনুদ্দিন আরও বলেন, বাদুরতলী খালে মাঝে মাঝে এই হাঁসের ঝাঁক দেখা যায়। এর আগেও এলাকায় এই পাখির বিচরণ দেখা গেছে।

 

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান জানান, স্থানীয় দুই গণমাধ্যমকর্মীর মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের সহযোগিতায় নয়টি ছানাসহ মা বালিহাঁসটি উদ্ধার করা হয়েছে। ছানাগুলো খুব ছোট হওয়ায় কিছুদিন শেডে রেখে পরিচর্যা করা হবে। পরে উপযুক্ত সময়ে পাখিগুলো অবমুক্ত করা হবে।

 

মাসুদ হাসান বলেন, এটি সরাইল প্রজাতির বালিহাঁস। ডিম দেওয়া ও বাচ্চা ফোটানোর জন্য এই পাখি লোকালয়ে আসে। তবে এ প্রজাতির পাখি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। পাখি সংরক্ষণের জন্য সরকারি পর্যায়েও কঠোর নির্দেশনা রয়েছে।

 

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে এনিমেল লাভার্সের সদস্যদের মাধ্যমে মা বালিহাঁস ও ছানাগুলো উদ্ধার করা হয়েছে। পরে উপযুক্ত সময়ে পাখিগুলো বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২১ ● ২৭ বার পঠিত