সোমবার ● ১০ আগস্ট ২০২৬

নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত

হোম » ঝালকাঠী » নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন।

 

রবিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। সোমবার (১০ আগস্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এর জেরে রবিবার বিকেলে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে জসিমকে একা পেয়ে সজল খান, তাঁর বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান।

 

জসিমের চিৎকার শুনে বাবা আক্কাস খান তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

 

ঢাকায় নেওয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়। তাঁর ছেলে জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাস খানের মৃত্যু হয়েছে।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০:৫৮:০১ ● ২৫ বার পঠিত