রবিবার ● ৯ আগস্ট ২০২৬
কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র্যালি ও আলোচনা সভা
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র্যালি ও আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
‘আমাদের ভূমি, আমাদের অধিকার, আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন’- এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৯ আগস্ট) দুপুরে কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে আমখোলা পাড়া রাখাইন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আলীপুর-গোড়া আমখোলা পাড়া সড়ক হয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিজয় রামা বৌদ্ধ বিহার ও রাখাইন পাড়া প্রদক্ষিণ শেষে রাখাইন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাণ ও প্রকৃতির গবেষক পাভেল পার্থ। বিশেষ অতিথির বক্তব্য দেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কারিতাসের প্রকল্প সমন্বয়কারী জামাল হোসেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক অংকোছান, সদস্য মেথুস ও সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা।
অনুষ্ঠানে বিভিন্ন পাড়ার শতাধিক রাখাইন নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা বলেন, রাখাইন জনগোষ্ঠীর ভূমির অধিকার, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনমান রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিস্তীর্ণ বনভূমিতে আবাসস্থল গড়ে তুলে বসবাসযোগ্য করা এই জনগোষ্ঠী আজ নিজ ভূমিতেই পরবাসীর মতো জীবনযাপন করছে।
তারা আরও বলেন, রাখাইন জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন। তা না হলে একসময় এই সম্প্রদায়ের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
বাংলাদেশ সময়: ১৭:৫৪:০৭ ● ২৯ বার পঠিত
