শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
বরিশালে বিভাগীয় পাঠক সমাবেশ, বইপাঠে আলোকিত সমাজ গড়ার আহ্বান
হোম » সর্বশেষ » বরিশালে বিভাগীয় পাঠক সমাবেশ, বইপাঠে আলোকিত সমাজ গড়ার আহ্বান
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ সমাবেশে বরিশাল বিভাগের ছয়টি জেলার ভ্রাম্যমাণ লাইব্রেরি-গাড়ি এবং পাঁচ শতাধিক পাঠক-সদস্য অংশ নেন। অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি, ভ্রাম্যমাণ বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও হিসাব) মোছা. মরিয়ম বেগম এবং বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মো. বেলায়েত হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল লাইব্রেরিয়ান মো. বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, শিক্ষার্থীরা সমাজের দর্পণ। বইপাঠের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে বৈষম্যমুক্ত ও আলোকিত সমাজ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি মু. বিল্লাল হোসেন খান বলেন, মানুষ বইপড়া, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত থাকলে তরুণ প্রজন্মের ডিভাইস আসক্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগম জানান, দেশের ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে মানুষের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে সব শ্রেণি-পেশার মানুষ সহজেই পাঠসেবার সুযোগ পাচ্ছেন।
সভাপতির বক্তব্যে ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।
আয়োজকরা জানান, ইতোমধ্যে দেশের ছয়টি বিভাগের মধ্যে চারটি বিভাগে পাঠক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই সিলেট ও ময়মনসিংহ বিভাগেও বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১০:৩২:৪০ ● ২৫ বার পঠিত
