বুধবার ● ৫ আগস্ট ২০২৬

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ডাকাতের হামলা, ১২ জেলে আহত; মাছ ও মালামাল লুট

হোম » জেলে-মৎস্য » কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ডাকাতের হামলা, ১২ জেলে আহত; মাছ ও মালামাল লুট
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ডাকাতের হামলা, ১২ জেলে আহত; মাছ ও মালামাল লুট

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ডাকাতের হামলায় আইউব মাঝিসহ ১২ জেলে আহত হয়েছেন। এ সময় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারে থাকা লক্ষাধিক টাকার মাছ, জাল, ডিজেল, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

 

বুধবার (৫ আগস্ট) ভোররাতের দিকে কুয়াকাটা থেকে আনুমানিক ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর বঙ্গোপসাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত জেলেদের সূত্রে দাবি করা হয়েছে। আহত জেলেদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গুরুতর আহত আইউব মাঝি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার আবুল কালামের ছেলে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

 

ডাকাতের কবলে পড়া এফবি মিম ট্রলারের জেলে মো. ইব্রাহীম বলেন, মাছ নিয়ে তীরে ফেরার সময় দুটি কালো পতাকা টানানো হলুদ রঙের একটি ট্রলারে থাকা প্রায় ২৫ জনের সশস্ত্র ডাকাত দল তাদের ট্রলার ঘিরে ফেলে। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে ১২ জনকে বেধড়ক মারধর করে আহত করা হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে মাছ, জাল, ডিজেল, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ডাকাতের হামলা, ১২ জেলে আহত; মাছ ও মালামাল লুট

 

মহিপুর মৎস্য আড়ৎদার সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, গত কয়েক বছর ধরে সমুদ্রে ডাকাতদের উপস্থিতি ছিল না। তবে সাম্প্রতিক সময়ে গভীর সমুদ্রে ডাকাতদের তৎপরতা বেড়ে যাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তিনি দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং সমুদ্রে নৌ টহল জোরদারের দাবি জানান।

 

এ বিষয়ে কোস্টগার্ড নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার মো. শহীদুল্লাহ বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন। তারা অভিযানে রয়েছেন, এ বিষয়ে গোয়েন্দা শাখার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

 

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. নয়ন তারকুন বলেন, ‘বিষয়টি আমরা মাত্রই জেনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং নৌ টহল আরও জোরদার করা হবে।’

বাংলাদেশ সময়: ১৬:৩০:১১ ● ১৬ বার পঠিত