বুধবার ● ৫ আগস্ট ২০২৬
পিরোজপুর জেলা হাসপাতালের নতুন ভবন পরিদর্শনে প্রতিমন্ত্রী, শিগগির চালুর আশ্বাস
হোম » সর্বশেষ » পিরোজপুর জেলা হাসপাতালের নতুন ভবন পরিদর্শনে প্রতিমন্ত্রী, শিগগির চালুর আশ্বাস
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন রাতে আকস্মিক পিরোজপুর জেলা হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে তিনি হাসপাতালের নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রোগীদের চিকিৎসাসেবা, ভোগান্তি ও হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা এই হাসপাতালে চার থেকে পাঁচবার এসেছি। হাসপাতালে যেসব অব্যবস্থাপনা ছিল, সেগুলো দূর করে সেবার মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, জেলা হাসপাতালের নির্মাণাধীন ভবনটি জুন থেকে জুলাইয়ের মধ্যে উদ্বোধনের কথা ছিল। তবে পর্যাপ্ত যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যবস্থা না হওয়ায় তা সম্ভব হয়নি। হাসপাতালের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে একটি বড় হাসপাতাল পরিচালনার জন্য দক্ষ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী সপ্তাহে হাসপাতালের একটি অংশ চালু করা হবে। বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরে জরুরি বিভাগ চালু করে নতুন ভবনের কার্যক্রম শুরু করা হবে। রোগীদের দুর্ভোগ কমাতে বাকি ফ্লোরগুলোও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে পিরোজপুরের সিভিল সার্জন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), কর্মকর্তা-কর্মচারীসহ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন আগে নির্মাণকাজ শেষ হলেও জনবল ও আনুষঙ্গিক প্রস্তুতির অভাবে পিরোজপুর জেলা হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন চালু করা যায়নি। ফলে পুরোনো ভবনেই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা।
বাংলাদেশ সময়: ৮:০৭:০৬ ● ২৪ বার পঠিত
