মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬

ভান্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

ভান্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা হামলা, অপপ্রচার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বী নিরীহ মানুষের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, হামলা ও হয়রানি চালানো হচ্ছে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও দীর্ঘদিন ধরে অযৌক্তিক হয়রানির অভিযোগ তুলে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

 

বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

মানববন্ধনে বক্তব্য দেন শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি কিরণ চন্দ্র বসু, শিক্ষক মিনতি রানী, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু সিংহ, কোষাধ্যক্ষ রণণ বলসহ আরও অনেকে।

 

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:০৯:০৪ ● ২৭ বার পঠিত