মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
মোংলায় কোস্ট গার্ডের উদ্যোগে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
হোম » খুলনা » মোংলায় কোস্ট গার্ডের উদ্যোগে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
উপকূলীয় ও নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে বাগেরহাটের মোংলায় একটি রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তিনির্ভর পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করা হয়। এ প্ল্যান্ট থেকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং আশপাশের স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে বিশুদ্ধ সুপেয় পানি পাবেন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনগণের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টটি চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং আশপাশের বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি পাবেন। এর ফলে পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাধারণ মানুষ, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৩৯:১৪ ● ২৭ বার পঠিত
