মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী পতিতালয়ের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার
হোম » পটুয়াখালী » পটুয়াখালী পতিতালয়ের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী শহরের সদর রোডসংলগ্ন একটি পতিতালয়ের কক্ষ থেকে রাসেল ওরফে কালা রাসেল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রাসেল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে রাসেল পতিতালয়ের একটি কক্ষে প্রবেশ করেন। প্রায় ৩০ মিনিট পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী বলেন, পাশের কক্ষ থেকে খবর পেয়ে তিনি জানতে পারেন, ওই কক্ষে থাকা ব্যক্তি গোসলের প্রস্তুতির সময় দুইবার ঢেকুর তোলার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:৫০:০১ ● ৮৯ বার পঠিত
