মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
ব্যাংকের নিরাপত্তা কর্মী পরিচয়ে প্রতারণা, নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার
হোম » প্রবাস » ব্যাংকের নিরাপত্তা কর্মী পরিচয়ে প্রতারণা, নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা ডেস্ক
নড়াইল ও চট্টগ্রামের দুই প্রবাসীর বিরুদ্ধে এক নারীর কাছ থেকে ২৫ হাজার ডলার আত্মসাৎ এবং আরও ৩০ হাজার ডলার নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ব্যাংকের নিরাপত্তা কর্মীর পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে ২৫ হাজার ডলার হাতিয়ে নেওয়া এবং আরও ৩০ হাজার ডলার নেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রিভারসাইড টাউনশিপ পুলিশ গ্রেপ্তার করে অ্যাগ হারবার এলাকার বাসিন্দা মোহাম্মদ এন ইসলাম (৪৮) ও ওয়েস্টভিলের বাসিন্দা মোহাম্মদ জেড ইসলামকে (৫৮)। তাদের মধ্যে এন ইসলামের বাড়ি নড়াইলে এবং জেড ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
রিভারসাইড টাউনশিপ পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, কয়েকদিন আগে ওই নারী অভিযোগ করেন, সংঘবদ্ধ প্রতারক চক্র তার কম্পিউটারে ভাইরাস সংক্রমণের কথা বলে আতঙ্ক সৃষ্টি করে। তারা দাবি করে, এ কারণে ওয়েলস ফার্গো ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিষয়টি এফবিআই তদন্তে গেলে তিনি গুরুতর সমস্যায় পড়বেন।
এরপর তাকে একটি ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়। ফোন করলে জানানো হয়, হয়রানি এড়াতে ২৫ হাজার ডলার নগদ ব্যাংকের নিরাপত্তা কর্মীর কাছে দিতে হবে। নির্দেশনা অনুযায়ী তিনি ব্যাংক থেকে টাকা তুলে বাসায় আনেন। পরে ব্যাংকের নিরাপত্তা কর্মী পরিচয়ে আসা এক ব্যক্তি ব্যাংকের খামে থাকা অর্থ সংগ্রহ করে নিয়ে যায়।
কিছুক্ষণ পর প্রতারকরা আবার ফোন করে আরও ৩০ হাজার ডলার দাবি করলে ওই নারী পুলিশের শরণাপন্ন হন। পুলিশের পরামর্শে তিনি অর্থ নেওয়ার জন্য অভিযুক্তদের আবার বাসায় ডাকেন। তারা সেখানে পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
পরে দুই অভিযুক্তকে আদালতে হাজির করা হলে আদালত হাজিরার শর্তে তাদের জামিন মঞ্জুর করেন বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।
এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে রিভারসাইড টাউনশিপ পুলিশ।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্প্যাম কলের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিউইয়র্কের বাফেলো শহরে বসবাসরত চাঁদপুরের নিয়ামত উল্লাহকে (৩১) গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তার গাড়ি থেকে সোনার মুদ্রা ও লক্ষাধিক ডলার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিয়ামত উল্লাহ নিজেকে নর্টন অ্যান্টিভাইরাস টিমের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে এবং তাকে টাইগার্ট ভ্যালি আঞ্চলিক কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:০৬:৪৩ ● ২০ বার পঠিত
