মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬

সারাক্ষণ ক্লান্ত লাগছে? হতে পারে এসব পুষ্টির ঘাটতি

হোম » লাইফস্টাইল » সারাক্ষণ ক্লান্ত লাগছে? হতে পারে এসব পুষ্টির ঘাটতি
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

রাতভর ঘুমের পরও ক্লান্ত লাগে কোন উপকরণের ঘাটতিতে

সাগরকন্যা লাইফস্টাইল ডেস্ক

 

সারাদিন কাজ করার পর ক্লান্ত লাগা স্বাভাবিক। তবে পর্যাপ্ত ঘুমের পরও যদি অকারণে শরীর দুর্বল ও ক্লান্ত লাগে, তাহলে তা শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি-উপাদানের ঘাটতির ইঙ্গিত হতে পারে। পুষ্টিবিদদের মতে, কয়েকটি ভিটামিন ও খনিজের অভাবে শক্তি উৎপাদন কমে যায়, ফলে সহজেই ক্লান্তি, দুর্বলতা এবং মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে।

 

শরীরের কোষ প্রতিনিয়ত ক্ষয় ও পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। এই প্রক্রিয়া স্বাভাবিক রাখতে প্রয়োজন পর্যাপ্ত মাইক্রোনিউট্রিয়েন্টস বা অতি প্রয়োজনীয় ক্ষুদ্র পুষ্টি-উপাদান।

 

যেসব পুষ্টির ঘাটতিতে ক্লান্তি বাড়তে পারে-

 

ভিটামিন বি:

কার্বোহাইড্রেট ও চর্বি থেকে শরীরের শক্তি (এটিপি) উৎপাদনে ভিটামিন বি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর অভাব হলে শক্তি উৎপাদন কমে গিয়ে ক্লান্তি দেখা দিতে পারে। দুধ, দই, পনির ও বিভিন্ন ধরনের বাদামে ভিটামিন বি পাওয়া যায়।

 

প্রোটিন:

পেশি শক্তিশালী রাখা এবং দৈনন্দিন কাজের শক্তি জোগাতে প্রোটিন অপরিহার্য। দীর্ঘদিন প্রোটিনের ঘাটতি থাকলে শরীর পেশির প্রোটিন ভাঙতে শুরু করে, ফলে দুর্বলতা ও ক্লান্তি বাড়ে। মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, পনির ও সয়াবিন প্রোটিনের ভালো উৎস।

 

ইলেকট্রোলাইটস:

কম পানি পান করা বা সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হলে শরীরে পানিশূন্যতা ও ক্লান্তি দেখা দিতে পারে। এ জন্য পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি ডাবের পানি, তরমুজ, শসা ও অন্যান্য রসালো ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

ম্যাগনেশিয়াম:

ম্যাগনেশিয়ামের অভাবে ঘুমের সমস্যা, পেশিতে টান এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে। কুমড়ার বীজ, কাঠবাদাম ও কাজুবাদাম ম্যাগনেশিয়ামের ভালো উৎস।

 

খাদ্যতালিকায় যা রাখবেন-

 

ভারতীয় পুষ্টিবিদ লভনীত বাত্রার পরামর্শ অনুযায়ী, প্রতিদিন এক কাপ টক দই বা প্রায় ১০০ গ্রাম পনির খেলে ভিটামিন বি-এর চাহিদা পূরণে সহায়তা করে। প্রোটিনের জন্য অঙ্কুরিত ছোলা, ভাজা ছোলা, মুগ ডাল, ডিম, মাছ ও মাংস নিয়মিত খেতে হবে। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি উপকারী। ডাব না খেতে পারলে প্রতিদিন একটি কলাও খাওয়া যেতে পারে। পাশাপাশি ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণে বাদাম ও কুমড়ার বীজ খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন তিনি।

 

তবে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ার পরও যদি দীর্ঘদিন ক্লান্তি, দুর্বলতা বা অবসাদ অনুভূত হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ৬:৪৯:২১ ● ২৪ বার পঠিত