সোমবার ● ৩ আগস্ট ২০২৬
আগৈলঝাড়ায় লাগাতার লোডশেডিং, দুর্ভোগে জনজীবন
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় লাগাতার লোডশেডিং, দুর্ভোগে জনজীবন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কারণে গত কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং চলছে। দিন-রাত দফায় দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা।
স্থানীয়রা জানান, দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ মেগাওয়াট। এ সময়ে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় বড় ধরনের ঘাটতি থাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।
এ ছাড়া রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফ-পিক সময়ে উপজেলার বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ৮ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৪ মেগাওয়াট। এতে দিনের বেলাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
আগৈলঝাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান বলেন, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেলে লোডশেডিং কমে আসবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধারণ ও সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
এদিকে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ১৯:৩১:৪৫ ● ১৮ বার পঠিত
