সোমবার ● ৩ আগস্ট ২০২৬
ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে হামলা, জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ
হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে হামলা, জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর ও গেট স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হামলা, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে ভুক্তভোগী পরিবার ভাণ্ডারিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, রবিবার দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় বাড়ির প্রবেশপথে লোহার গেট স্থাপনের সময় বিরোধের সূত্রপাত হয়। এ সময় পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন আকন, শহিদুল ইসলামসহ কয়েকজন বাধা দেন। একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হলে রমা রানী দাস (৪৫), তার স্বামী ননী দাস (৫৫) এবং ঝর্ণা রানী দাস (৪৫) আহত হন। তাদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে রমা রানী দাস অভিযোগ করেন, হামলার সময় তার এক ভরি ওজনের স্বর্ণের চেইন, ঝর্ণা রানী দাসের ১২ আনা ওজনের স্বর্ণের চেইন এবং নগদ ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হামলায় জড়িতদের মধ্যে পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন আকন, শহিদুল ইসলাম ও ধাওয়া ইউনিয়ন জামায়াতের আমির নাছির উদ্দিন ছিলেন।
এ ঘটনায় রমা রানী দাস বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন আকন বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম।’
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বী পরিবারের ওপর হামলার সুষ্ঠু বিচার হওয়া উচিত।
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনও ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বাংলাদেশ সময়: ১৮:০৯:৪৮ ● ২১ বার পঠিত
