সোমবার ● ৩ আগস্ট ২০২৬
নেছারাবাদে নারী চা-দোকানির সঙ্গে প্রেম; পল্লী বিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা
হোম » পিরোজপুর » নেছারাবাদে নারী চা-দোকানির সঙ্গে প্রেম; পল্লী বিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। গত রবিবার রাতে নেছারাবাদ থানায় মামলাটি করেন উপজেলার করফা বাজারের চা-দোকানি তৃষ্ণা রানী মণ্ডল। অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত। পুলিশ জানিয়েছে, তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, করফা বাজারে তৃষ্ণা রানী মণ্ডলের একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই পল্লী বিদ্যুতের সাব-অফিসে কর্মরত সাইদুল ইসলাম সিরাজের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাদীর অভিযোগ, ধর্মান্তরিত হওয়ার পর তাঁকে বিয়ে করবেন- এমন আশ্বাস দিয়ে সিরাজ একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১১ জুলাই গভীর রাতে সিরাজ তাঁর দোকানে প্রবেশ করে ফের শারীরিক সম্পর্ক করেন। পরে বিষয়টি জানাজানি হলে সিরাজ বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর স্থানীয়দের সহায়তায় রোববার রাতে সিরাজকে তাঁর বাসায় অবরুদ্ধ করে পুলিশে খবর দেওয়া হয়।
তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ। তাঁর দাবি, ওই নারীর সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখা নিয়ে পরামর্শ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে ওই নারী তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। ওই নারী তাঁর কাছে টাকা দাবি করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে স্থানীয়রা সিরাজকে একটি ঘরে আটকে রেখেছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:২৫ ● ২৬ বার পঠিত
