সোমবার ● ৩ আগস্ট ২০২৬
জীবাশ্ম জ্বালানি প্রকল্পে নেতিবাচক প্রভাব, কলাপাড়ায় গণগবেষণার ফল প্রকাশ
হোম » লিড নিউজ » জীবাশ্ম জ্বালানি প্রকল্পে নেতিবাচক প্রভাব, কলাপাড়ায় গণগবেষণার ফল প্রকাশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মাণের কারণে স্থানীয় মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে বলে উঠে এসেছে দুই বছরের গণগবেষণায়। বেসরকারি সংস্থা ‘প্রান্তজন’-এর উদ্যোগে স্থানীয় মানুষের অংশগ্রহণে পরিচালিত এ গবেষণার ফলাফল মঙ্গলবার (৩ আগস্ট) প্রকাশ করা হয়েছে।
সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গণগবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, একশনএইডের সহকারী প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ধানখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
গবেষণার ফলাফলে বলা হয়, ধানখালীতে কয়েকটি অপরিকল্পিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প (তাপবিদ্যুৎ কেন্দ্র) নির্মাণের পর স্থানীয় মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে দুই বছর আগে ‘প্রান্তজন’-এর উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমানের সহযোগিতায় ২০ জন স্থানীয় বাসিন্দাকে নিয়ে ওই এলাকায় গণগবেষণা পরিচালনা করা হয়।
গবেষণায় স্থানীয় বাসিন্দাদের আর্থিক স্বচ্ছলতার অবনতি, সামাজিক সংকট বৃদ্ধি, চিরায়ত পেশার বিলুপ্তি, পরিবেশগত বিপর্যয়, সুপেয় পানির সংকট, বিশুদ্ধ বায়ুর অভাব, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের ক্ষয়, মাটির লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদনে বিপর্যয়, জনস্বাস্থ্য সংকট, বিভিন্ন রোগব্যাধির বিস্তার, নারীদের ওপর লিঙ্গভিত্তিক বিরূপ প্রভাব এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির বিষয়গুলো উঠে আসে।
গণগবেষণার ফলাফলে বিষাক্ত কয়লা বর্জ্য ও ফ্লাই অ্যাশের বিস্তার বন্ধ, বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও বায়োগ্যাস প্ল্যান্টসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচটি সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে গণগবেষণায় অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দাদের ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:১৮:২৬ ● ২১ বার পঠিত
